আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের শীর্ষ ব্যবসায়ী ও অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে নিক্কেই এশিয়া এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ছিট খাইন নামের ওই ব্যক্তি এনএলডির একজন সক্রিয় সদস্য ও মিয়ানমারের শীর্ষ কোম্পানি এডেন গ্রুপের প্রতিষ্ঠাতা। ২০১৬ সালে সুচির দল ক্ষমতায় এলে এনএলডির সঙ্গে তার সম্পর্ক আরও বাড়ে।
প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের বর্তমান সামরিক সরকার দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালিয়েছে। যেখানে দেখা গেছে, খাইন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে কয়লা খনির ব্যবসায় কম শুল্ক পরিশোধ করেছেন। এতে রাষ্ট্রীয় তহবিল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।
গত সোমবার বিদেশ থেকে ফেরার পর তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় সুচি সরকারের জ্বালানি মন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
এদিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিকে আরও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের একটি বিশেষ আদালত। ২০২১ সালের ১ ফেব্রুয়ারিতে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে দুর্নীতির ১১টি মামলা বিচারাধীন। এবারই প্রথম তার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় হলো।