শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এশিয়া সফরে যাচ্ছেন জো বাইডেন। জানা গেছে, আগামী ২০ থেকে ২৪ মে তিনি জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবেন। এই অঞ্চলের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই তিনি দেশ দুইটিতে যাচ্ছেন। হোয়াইট হাউজের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হোয়াইট হাউজ থেকে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিহিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাইডেন। তাছাড়া টোকিওতে জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। মূলত কোয়াড সম্মেলনে এসব দেশের নেতারা একত্রিত হবেন।
হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে জানান, এ সফর আমাদের সরকারগুলোর মধ্যে সম্পর্ক আরও গভীর করবে। তাছাড়া একটি মুক্ত ইন্দো-প্যাসিফিক ও কোরিয়া-জাপান প্রজাতন্ত্রের সঙ্গে মার্কিন প্রতিশ্রুতিকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান তিনি।
তবে সফরকে সামনে রেখে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। এতে কিছুটা উদ্বিগ্ন রয়েছে মার্কিন প্রশাসন। এদিকে শক্তি প্রদর্শনের জন্য উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই সপ্তাহে সামরিক প্যারেডের আয়োজন করেছেন।
এমন এক সময় বাইডেন এশিয়ার দেশ দুইটিতে সফরে যাচ্ছেন যখন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।