বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ‘ইচ্ছাকৃত সন্ত্রাসী কর্মকাণ্ড’ ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, সাধারণ আবাসিক ভবনগুলোতে মর্টার, আর্টিলারি হামলা ও বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে। এগুলো ইচ্ছাকৃত সন্ত্রাস ছাড়া আর কিছুই নয়।
রোববার (১৭ এপ্রিল) রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এসব কথা বলেন।
তিনি বলেন, খারকিভে গত চার দিনে রাশিয়ার গোলাবর্ষণে ১৮ জন মারা গেছেন। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি।
এর আগে রোববার খারকিভের মধ্যাঞ্চলের একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হন ৫ জন। যদিও আল জাজিরা নিহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।
জেলেনস্কি তার রাতের ভাষণে বলেছিলেন, গোলাগুলো খারকিভে অবিরত নিক্ষেপ করা হচ্ছিল।
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পরপর খারকিভের সড়কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পথচারীদের দৌড়ে এবং বিভিন্ন যানবাহনকে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়।
এর আগে, শুক্রবার খারকিভের আবাসিক এলাকায় রাশিয়ার অনবরত গোলাবর্ষণে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে। শনিবারও শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আরও দু’জন নিহত হয়েছেন।