সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সিচুয়ানের লুশান কাউন্টিতে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার এই কম্পন অনুভূত হয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সিচুয়ানের লুশান কাউন্টির ইয়ান শহরের কাছে ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পে উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল সিচুয়ানের রাজধানী চেংদু থেকে ১১৩ কিলোমিটার দূরে। তবে ভূমিকম্পে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখন পর্যন্ত তা জানা যায়নি।
এর আগে, ২০১৩ সালে ইয়ান শহরে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া আহত হন আরও হাজার হাজার মানুষ। শহরটির হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায়।
সূত্র: রয়টার্স।