ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে এক মাদক ব্যবসায়ীকে ভিন্ন রকমের সাজা দিয়ে বেশ সাড়া ফেলেছে আদালত। মাদক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আব্দুল্লাহ(৫২) নামের সেই আসামিকে এক মাসের জন্যে মাদক সচেতনতা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাড়িয়ে থাকার দন্ডাদেশ দেওয়া হয়েছে।
রবিবার(১০ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী দেলোয়ার হোসেন এই রায় দেয়।
সাজাপ্রাপ্ত আব্দুল্লাহ জেলার রানীশংকৈল উপজেলায় রাউৎনগর গ্রামের মনতাজ আলীর ছেলে।
আব্দুল্লাহ ২০১৫ সালে একটি ও ২০১৬ সালে পৃথক ২টি মাদক মামলার জড়িয়ে পড়ে আসামি হন।
রায়ে বলা হয়েছে, আসামি আব্দুল্লাহ জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে, ১০ এপ্রিল থেকে আগামী একমাস প্রতিদিন দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত মাদক সচেতনার প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে।
সারেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন আব্দুল্লাহ। প্ল্যাকার্ডে লেখা আছে “মাদক ব্যবসার জন্যে আমি দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। মাদক দেশ ও দশের শত্রু। মাদক পরিহার করুন।” অনেকে থেমে থেমে সেই প্ল্যাকার্ড লেখা পড়েন। এমন প্রচারের কারণ জানতে চাইছেন।
আসামি পক্ষের উকিল অ্যাড.জাকির হোসেন জানান, আসামীর দুটি মেয়ে আছে। একজন কোরআন খতম দিয়েছে ও অপরজন দিবেন। এর আগে তার নামে কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি। এই আসামী তার এই কাজে অনুতপ্ত এবং পরিবারে সে একমাত্র কর্মক্ষম ব্যক্তি। তাই সামগ্রিক বিবেচনায় বিজ্ঞ বিচারক এই রায় দেন।