শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগন্জে সএকটি মসজিদের তারাবীর নামাজের সুযোগে মোটর সাইকেল চুরির সময় হাতে নাতে আটক হয়েছে রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক (৪০)।পরে জনতার রোষানল হতে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক রানীশংকৈল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভান্ডারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়,পীরগন্জ উপজেলার বায়তুল আমান (বেলায়েত) মসজিদে তারাবির নামাজ পড়ার সময় জনৈক ব্যক্তির মোটর সাইকেল চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে মুসল্লিদের হাতে ধৃত হয় রাজ্জাক। এ সময় বিক্ষুদ্ধ জনতা রাজ্জাককে গণধোলাই দিয়ে তার ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাককে আটক করে থানায় নিয়ে আসে।
এর আগে গত ২৪ মার্চ এক ইউপি সদস্যের (মেম্বার) মোটর সাইকেল চুরি করতে গিয়ে গণধোলাই খান আব্দুর রাজ্জাক। পরে জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, আব্দুর রাজ্জাক আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের প্রধান। তার নামে বিভিন্ন থানায় মোটর সাইকেল চুরির ৪৫ টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজ্জাক চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রোববার সকালে রাজ্জাককে আদালতে পাঠানো হয়।