পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ আহত ৩০

সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি:

পাবনা সদর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় চালকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) দুপুরে সদরের টেবুনিয়া ও জালালপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর বাজারে ঢাকা থেকে পাবনাগামী সি লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রয়েল ডাচ বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাস চালকসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়। এক ভ্যানচালককে বাঁচাতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অপরদিকে, দুপুর একটার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া সিড গোডাউন মোড়ে দুই ট্রাকে সঙ্গে সংঘর্ষে দুই চালক ও হেলপারসহ ৫ জন আহত হয়। তাদেরকেও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে দুর্ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম দু’টি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এবং মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে দেয়া হয়েছে। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *