বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
শেখ সাখাওয়াত হোসেন পাবনা (জেলা) প্রতিনিধি: পাবনা মানসিক হাসপাতালে জহুরুল হোসেন (৪৩) নামের এক মানসিক রোগী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১০ জুন) এ ঘটনা ঘটে। জহুরুল চাপাইনবাবগঞ্জের আড়াইপুর গ্রামের এহসান আলীর ছেলে।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আঞ্জুমানী ফেরদৌস জানান, জহুরুলকে চলতি বছরের ২ মে ভর্তি করা হয়। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের জানালার সাথে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে। এ সময় সেখানে দুইজন নার্স ও একজন ওয়ার্ডবয় কর্মরত ছিলেন। মৃত জহুরুলের পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার অভিযোগ করা হয়েছে। এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পাবনা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জহুরুলের মরদেহ ময়নাতদন্ত শেষে তার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত মামলা দয়ের করা হয়েছে।