প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করতে চান প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করতে চান বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

সোমবার (২৩ মে) পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। নাজিরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ অনুষ্ঠান আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উপকরণ সহায়তা দিচ্ছে। শেখ হাসিনা ছাড়া অতীতে কেউ এরকম সহায়তা দেয়নি। তিনি সবাইকে স্বাবলম্বী করতে চান। তিনি চান একজন মানুষও যেন কষ্টে না থাকে, দারিদ্র্য না থাকে।

তিনি আরও বলেন, উপকূলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প নারীদের স্বাবলম্বী করবে, সচ্ছল করবে। এ প্রকল্পের আওতায় বিনামূল্যে বিতরণ করা উপকরণ দরিদ্রদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুস সবুর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার সিকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ডা. এস এম জিয়াউল হক রাহাত, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌস, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, স্থানীয় সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *