বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
গাজী তাহেরুল আলম লিটন: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার এছহাক মোর বাজারে অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক হাওলাদারের সভাপতিত্বে সাধারণ জেলে, মৎস্য ব্যাবসায়ী ও জাতীয় মৎস্যজীবি সমিতির জেলা,উপজেলা এবং বোরহানউদ্দিন পৌরসভা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
জলদস্যুতা, নদীতে চাঁদাবাজী, জাটকা রক্ষা, অবৈধ কারেন্ট জাল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সভায় বড় মানিকা ইউনিয়নের বিট অফিসার এস.আই মহিউদ্দিন জুয়েলের উপস্থাপনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক হাওলাদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার মামুন হাসান,জাতীয় মৎস্যজীবি সমিতির বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন মীর, পৌর শাখার সভাপতি মোঃ সোহেল হাওলাদার, বড় মানিকা ইউপি সদস্য মোঃ জাকির হোসেন, বড় মানিকা ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওবায়দুল হক রাব্বি সহ প্রমুখ।
এসময় সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক হাওলাদার বলেন, নদীতে কোন প্রকার চাঁদাবাজি বরদাশত করা হবে না। সাধারণ জেলেদের কাছ থেকে চাঁদা নেয়া এবং তাদেরকে হয়রানি বন্ধে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন এবং জাতীয় মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দের প্রতি সাধারণ জেলেদের পাশে থেকে চাঁদাবাজদের তথ্য উপাত্ত সংগ্রহ এবং প্রশাসন কে সহায়তা করার আহবান জানান।