আন্তর্জাতিক ডেস্ক: পশুখাদ্য কেলেঙ্কারির পর এবার বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে নতুন আরেকটি দুর্নীতির অভিযোগ উঠেছে।
ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) বলছে, মুখ্যমন্ত্রী থাকাকালীন চাকরির নিয়োগে দুর্নীতি করেছিলেন লালুপ্রসাদ। এ ঘটনায় মামলাও হয়েছে।
এদিকে অভিযোগ আসার পর শুক্রবার সকালে লালুপ্রসাদের বাড়িসহ ১৫ স্থানে তল্লাশি চালায় সিবিআই। তল্লাশির সময় লালুর স্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় পাঁচটি মামলায় অভিযুক্ত করা হয়েছিল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রতিষ্ঠাতা লালুপ্রসাদকে। মামলায় রাঁচির ডোরান্ডায় ট্রেজারি থেকে ১৩৯ কোটি টাকা অবৈধভাবে তোলার অভিযোগ আনা হয়। এতে লালুকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৬০ লাখ টাকা জরিমানা করেন আদালত।
এরপর এপ্রিল মাসে ওই মামলায় ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে জামিন পান সাবেক এই মুখ্যমন্ত্রী। পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে যুক্ত দুর্নীতির মামলাগুলোর মধ্যে এটিই ছিল লালুপ্রসাদের বিরুদ্ধে শেষ মামলা।
এর আগে মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন লালুপ্রসাদের বিরুদ্ধে ৯৫০ কোটি টাকার পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এই ঘটনায় চাঞ্চল্য পড়ে যায় গোটা ভারতে। এসব দুর্নীতির মামলায় জেলও খাটেন তিনি। সবশেষ একে একে পাঁচটি মামলায় জামিন পাওয়ায় কারামুক্ত হন তিনি। কিন্তু ফের আরেকটি মামলা হওয়ায় বিপাকে পড়তে যাচ্ছেন আরজেডি’র প্রতিষ্ঠাতা।
লালুপ্রসাদ যাদব ১৯৯০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন।

Leave a Reply