বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রেনে কাটা পড়ে নিরব হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ৮টার কিছু পরে উপজেলার মাশুমদিয়ার ঝুলন্ত রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব সুজানগর উপজেলার রাণিনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের মো. লিটন সরদারের ছেলে ও ঢাকার উত্তরার একটি স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, নিরব শুক্রবার স্কুল ছুটির পর পুরান মাসুম দিয়ায় নানা মৃত: আব্দুল হামিদের বাড়িতে বেড়াতে আসে। সকালে ঘুম থেকে উঠে ঝুলন্ত সেতুর পাশে রেললাইনের ওপরে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গান শুনছিলেন। এ সময় ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনটি বেশ কয়েকবার হুইসেল দিয়েছিল বলেও জানান স্থানীয়রা।
আমিনপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রওশন আলী বলেন, এ রকম একটি ঘটনার বিষয়ে শুনেছি। নিহতের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোপাল কর্মকার বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।