২ হোটেল ম্যানেজারকে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে ও মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে হোটেল মালিক ও শ্রমিক সংগঠনগুলো মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি :জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করে ৩ লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে কারাদন্ড প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা শহরের হোটেল,মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মালিক সমিতি জেলা শাখা,বেকারী মালিক সমিতি ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সমন্বয়ে এই কর্মসূচী পালন করে। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে প্রায় শতাধিক শ্রমিক অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা সভাপতি অতুল কুমার পাল,জেলা হোটেল ও বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদিন,বেকারী মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান উপদেষ্টা নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো।

এ সময় বক্তারা অবিলম্বে দুই হোটেলের গ্রেফতারকৃত শ্রমিককে অবিলম্বে মুক্তি দিতে জোড় দাবী জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

এর আগে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহরে ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ পরিচালনা করেন মুখ্য বিচারিক হাকিম নিত্যানন্দ সরকার। নিরাপদ খাদ্য আইনে শহরের চৌরাস্তার গাওসিয়া হোটেল ও রোজ হোটেলে ৩ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে ওই দুই হোটেলের ম্যানেজার রুবেল হোসেন ও পলাশ চন্দ্র রায়কে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

এতে ক্ষিপ্ত হয়ে দুই হোটেলের অর্ধশত হোটেল শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ও চৌরাস্তা মোড়ে ইফতারি খাবার ফেলে প্রতিবাদ করেন। পরে রাতে শহরের একটি হোটেলে আয়োজিত সভায় মালিক ও শ্রমিক সংগঠনগুলো একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ,বেকারিসহ বিভিন্ন খাবারের প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *