রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধান:প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির দুজন সিনিয়র নেতার মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
আজ সোমবার দুপুর ৩ টার দিকে নির্বাচন অফিসের ভিতরে পাশাপাশি দাঁড়ানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
আজ দুপুরে বগুড়া সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা নিজ মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন অফিসে যান। এ সময় তার সাথে জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিসের ভিতরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাশাপাশি দাঁড়ানোকে কেন্দ্র করে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে অন্য নেতাকর্মীরা তাদেরকে নিবৃত্ত করেন।