স্পোর্টস ডেস্ক: প্রথম ৩০ মিনিটের মধ্যে চার গোল দিলো আর্সেনাল। লিগ ওয়ানের দল উইগান অ্যাথলেটিককে ৪-০ গোলে বিধ্বস্ত করল তারা। মিকেল আর্তেতার দল ছয় বছরে প্রথমবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠে গেলো।
এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের ক্লাবের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে গানাররা। ১১ থেকে ২৭- প্রথমার্ধের এই ১৭ মিনিটেই সবগুলো গোল হয়েছে।
গত বৃহস্পতিবার ব্রেন্টফোর্ডের সঙ্গে ড্র করা দলে আটটি পরিবর্তন আনেন আর্তেতা। তারপরও আক্রমণভাগে ছিলেন বুকায়ো সাকা, এবেরেচি এজে, ননি মাদুয়েকে, গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তাদের তিনজনই জাল খুঁজে পেয়েছেন।
১১তম মিনিটে মাদুয়েকের গোলে এগিয়ে যায় আর্সেনাল। মার্তিনেল্লি সাত মিনিট পর স্বাগতিকদের ব্যবধান বাড়ান। ২৩ মিনিটে আত্মঘাতী গোল করেন জ্যাক হান্ট। জেসুসের গোলে প্রথম আধঘণ্টাতেই ৪-০ তে এগিয়ে যায় গানাররা।
আর্সেনাল আর গোল যোগ করতে পারেনি। কিন্তু একপেশে জয়ে তারা ২০২০ সালের এফএ কাপ জয়ের পর প্রথমবার চতুর্থ রাউন্ড পার করল।