Tag: শীর্ষ

  • বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার : শীর্ষস্থান হারিয়ে ভারত এখন ৬-এ

    বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার : শীর্ষস্থান হারিয়ে ভারত এখন ৬-এ

    ওয়েব ডেস্ক: বিদেশে ভ্রমণ ও লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশিদের খরচের ধরনে পরিবর্তন আসছে। গত কয়েক মাস দেশের ভেতরে ক্রেডিট কার্ড ব্যবহারের হার কমেছে। অন্যদিকে, দেশের বাহিরে বিশেষ করে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ কিছুটা বেড়েছে। তবে প্রতিবেশী দেশ ভারতে এই খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। একসময় বাংলাদেশিদের ক্রেডিট কার্ড খরচের তালিকায় শীর্ষে ছিল ভারত, এখন সেই অবস্থান থেকে ছিটকে গিয়ে দেশটি ৬ নম্বরে নেমে এসেছে।

    বর্তমানে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে যুক্তরাষ্ট্রে। এরপর রয়েছে থাইল্যান্ড ও সিঙ্গাপুর। পর্যটন, চিকিৎসা ও শিক্ষাসহ নানা কারণে এসব দেশে খরচের প্রবণতা বেড়েছে বলে জানা গেছে।

    বিশ্লেষকরা বলছেন, বৈদেশিক ভ্রমণের বিধিনিষেধ এবং ভারতে চিকিৎসা ও কেনাকাটার পরিবর্তে অন্যান্য দেশের প্রতি আগ্রহ বেড়ে যাওয়ায় এই পরিবর্তন ঘটছে।

    ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেন সংক্রান্ত বাংলাদেশ ব্যাংক চলতি বছরের এপ্রিলের হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ৬২টি তফসিলি ব্যাংক ও ৩৫টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে ৫৬টি তফসিলি ব্যাংক ও মাত্র একটি এনবিএফআই গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ড সেবা প্রদান করে থাকে। যাদের তথ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের ক্রেডিট কার্ডের প্রতিবেদনটি তৈরি করেছে।

    প্রতিবেদনে দেশের অভ্যন্তর ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়। এতে দেখা যায়, বাংলাদেশিরা বিদেশে ভ্রমণ ও কেনাকাটায় ক্রেডিট কার্ড ব্যবহারে কিছুটা সংযমী হয়ে উঠছেন।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৪৬৮ কোটি টাকা খরচ করেছেন। এই পরিমাণ আগের মাস ফেব্রুয়ারির তুলনায় ২৯ দশমকি ৪৯ শতাংশ বেশি। মার্চে খরচ ছিল ৩৬১ কোটি টাকা। শুধু মাসিক ভিত্তিতেই নয়, গত বছরের একই মাসের তুলনায় এই খরচের পরিমাণে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে বিদেশে খরচ হয়েছিল ৫০৬ কোটি টাকা, যা এ বছরের চেয়ে ১৪৫ কোটি টাকা বেশি।

    চলতি বছরের এপ্রিলে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেন নেমে এসেছে মাত্র ৩১ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৮ দশমিক ৩৭ শতাংশ কম।

    উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে মাসে ভারতে এই খাতে ব্যয় ছিল ৯৮ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, ভিসা জটিলতা, সীমান্ত পারাপারে কড়াকড়ি এবং অন্যান্য দেশের প্রতি আগ্রহ বেড়ে যাওয়াই প্রতিবেশি দেশে কার্ডে খরচ কমার প্রধান কারণ। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীদের লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব দেশে উচ্চশিক্ষা, চিকিৎসা, প্রবাসী সংযোগ চাহিদা বাড়ার ফলে ক্রেডিট কার্ডে খরচও ক্রমেই বাড়ছে।

    বর্তমানে বিদেশে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এপ্রিলে দেশটিতে খরচ হয়েছে ৬৬ কোটি ৭০ লাখ টাকা, মার্চে খরচ ছিল ৫৭ কোটি ৪০ লাখ টাকা এবং ফেব্রুয়ারিতে ৫২ কোটি ৩০ লাখ কোটি টাকা।

    দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে খরচ হয়েছে ৪৭ কোটি টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর; এপ্রিলে দেশটিতে ৪৫ কোটি ৬০ লাখ টাকা খরচ করেছে। যুক্তরাজ্যে খরচ ৪৩ কোটি ৩০ লাখ টাকা এবং মালয়েশিয়ায় খরচ ৪৩ কোটি টাকা।

    এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যবসা, ব্যক্তিগত প্রয়োজন, সন্তানদের পড়াশোনা বা চিকিৎসা— যে কোনও কারণে আগে বাংলাদেশিরা একটি নির্দিষ্ট দেশের ওপর বেশি নির্ভরশীল ছিল। তবে ভিসা জটিলতা থাকায় এখন তাদের খরচ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তাই অন্যান্য দেশে ক্রেডিট কার্ডের লেনদেন বাড়ছে। এটি একটি স্বাভাবিক পরিবর্তন।

    বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের পেছনে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন একটি বড় কারণ। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশিদের জন্য ভারত পর্যটক ভিসা দেওয়া বন্ধ রেখেছে। কবে নাগাদ এই ভিসা চালু হবে সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস পাওয়া যায়নি।

    শুধু ভিসা নয়, ভারত কিছু পণ্য বাংলাদেশে রপ্তানি বন্ধ করেছে, এমনকি ভারত হয়ে অন্য দেশে বাংলাদেশি পণ্য পরিবহনেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে বাংলাদেশের বহু নাগরিক, যারা প্রতি বছর কলকাতা, দিল্লি, দার্জিলিং, সিকিম বা মেঘালয়ে ভ্রমণে যেতেন, এখন আর সে সুযোগ পাচ্ছেন না। এই পরিস্থিতির কারণে ভারতের প্রতি নির্ভরতা কমে গিয়ে বাংলাদেশিরা এখন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ অন্যান্য দেশে ভ্রমণ ও ব্যয় বাড়াচ্ছেন।

    বিদেশে বাড়লেও দেশে ক্রেডিট কার্ডে খরচ কমেছে

    বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়লেও, দেশের মধ্যে ব্যবহার কমেছে। মার্চের তুলনায় এপ্রিল মাসে ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে ১৯ দশমকি ৬৮ শতাংশ। মার্চে যেখানে লেনদেন ছিল ৩ হাজার ৭৫৫ কোটি টাকা, এপ্রিলে তা কমে ৩ হাজার ১৬ কোটি টাকায় নেমেছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের ভেতরে ১১টি খাতে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর, পরিষেবার বিল পরিশোধ, খুচরা কেনাকাটা, নগদ উত্তোলন, পোশাক কেনাকাটা, ওষুধ ও ফার্মেসি, অর্থ স্থানান্তর, পরিবহণ খাতে ব্যয়, ব্যবসায়িক ও পেশাদারি সেবা এবং সরকারি সেবার বিল প্রদান। বেশিরভাগ খাতেই এপ্রিলে খরচ কমেছে।

    এছাড়া, ৭৫ শতাংশ লেনদেন সম্পন্ন হয়েছে ভিসা কার্ড ব্যবহার করে, ১৫ শতাংশ মাস্টারকার্ড এবং ৯ শতাংশ এমেক্স কার্ড ব্যবহার করা হয়েছে।

  • শীর্ষস্থান দখলের লড়াইয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা

    শীর্ষস্থান দখলের লড়াইয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা

    স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটে এখন দুই নির্ভার দলের নাম ভারত ও দক্ষিণ আফ্রিকা। অন্য সব দলের জন্য বিভিন্ন সমীকরণ রয়েছে কিন্তু এই দুই দল এমন সব চিন্তা থেকে মুক্ত। আবার পুরোপুরি মুক্ত তা বলা যাবে না। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের একটা লড়াই রয়েছে তাদের মধ্যে। আজ সে লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুপুর আড়াইটায় ইডেন গার্ডেনসে শুরু হবে ম্যাচটি।

    সাত খেলা থেকে ১৪ পয়েন্ট নিয়ে ভারত এখন পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল স্বাগতিকরা। আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকারও সেমিফাইনাল নিশ্চিত। তবে তারা অপরাজিত নয়। একটা ম্যাচ হারায় সাত ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। ভারত জিতলে তো কথাই নেই, তারা শীর্ষে থাকবে। অন্যদিকে প্রোটিয়ারা জিতলে পয়েন্ট সমান হলেও রান রেটে ভারতকে টপকে যাবে।

    এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার একটা দুর্বলতা রয়েছে। রান তাড়া করার সঙ্গে ঠিকমতো তাল মেলাতে পারছে না দলটি। এখন পর্যন্ত দুইবার তারা রান তাড়া করেছে। একবার হেরেছে। অন্যবার কোনোমতে হার থেকে রেহাই পেয়েছে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস, দ্বিতীয় ম্যাচে পাকিস্তান।

    আগে ব্যাট করলে অবশ্য ভিন্ন চেহারায় আবির্ভূত হয়েছে প্রোটিয়ারা। প্রত্যেকবারই প্রতিপক্ষকে তিন শতাধিক রানের টার্গেট দিয়েছে। এসব ম্যাচে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল যথাক্রমে ৪২৮, ৩১১, ৩৯৯, ৩৮২ আর ৩৫৭। প্রতি ম্যাচেই তারা কমপক্ষে ১০০ রানের ব্যবধানে জয় পেয়েছে।

    বিপরীত পরিস্থিতি ভারতের। একটা লক্ষ্য সামনে রেখে তারা ভালোভাবেই ছুটছে। অর্থাৎ রান তাড়া করায় যথেষ্ঠ দক্ষতার পরিচয় দিয়ে চলেছে স্বাগতিক দল। ফলে আজকের ম্যাচে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টস নিয়ে একটা জটিল সমস্যাও তৈরি হতে পারে। প্রোটিয়ারা টস জিতলে আগে ব্যাটিং নেবে- এটাই স্বাভাবিক। কিন্তু ভারত টস জিতলে কী করবে- সে প্রশ্ন এখন উঠতেই পারে।

    এ ম্যাচে ভারতীয় দল অপরিবর্তিত থাকতে পারে। তবে প্রোটিয়া দলে একাধিক পরিবর্তন আসতে পারে। কেশব মহারাজ ও তাবরাইজ শামসি- উভয়ই খেলতে পারেন বলে জানিয়েছেন দলটির অধিনায়ক টেম্বা বাভূমা। যদিও ভারতের বিপক্ষে শামসির অতীত রেকর্ড তেমন একটা সমৃদ্ধ নয় তারপরও তাকে বিবেচনায় রাখছে দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচের আগে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

    প্রোটিয়াদের টপ অর্ডার ব্যাটাররা দারুণ ছন্দে রয়েছেন। শুধু ব্যতিক্রম অধিনায়ক টেম্বা বাভুমা। ঠিক ছন্দটা খুঁজে পাচ্ছেন না তিনি। কুইন্টন ডি কক দলের কোনো ব্যর্থতাকে সামনে আসতে দিচ্ছেন না। একাই ব্যাট হাতে সব সামলে নিচ্ছেন। সাত ম্যাচে তার সেঞ্চুরি চারটা। মোট রান ৫৪৫। ভারত আবার ককের প্রিয় প্রতিপক্ষ। ভারতের বিপক্ষে ১৯টি ওয়ানডে ম্যাচে খেলেছেন কক। সেঞ্চুরি করেছেন ছয়টি।

    ভারতের ব্যাটাররাও দারুণ ছন্দে। ফলে ব্যাটে বলে লড়াইটা জমে উঠতে পারে। সে সঙ্গে সম্ভাব্য ফাইনালের একটা রিহার্সেলও হয়ে যেতে পারে। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থায় এ দুই দলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম।

  • শীর্ষস্থান ধরে রাখল রিয়াল

    শীর্ষস্থান ধরে রাখল রিয়াল

    স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে প্রথম গোলটা ছিল রিয়ালেরই। তবে দ্বিতীয়ার্ধে যেভাবে সমতায় ফিরেছিল সেভিয়া, তাতে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার চোখ রাঙানিটা ছিল স্পষ্ট। কিন্তু অঘটন ঘটতে দেননি লুকাস ভাস্কেজ ও ফ্রেডরিকো ভালভার্দে। তাদের ৩ মিনিটের ২ গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল। 

    শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগার শীর্ষস্থানটা আরও মজবুত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলা বার্সার সাথে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৬।

    ঘরের মাঠে শুরুতে বেশ উজ্জীবিত ফুটবল খেলেছে রিয়াল। পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ভিনিসিয়াস জুনিয়রের পাসে জালে বল পাঠান ৩৭ বছর বয়সী এ মিডফিল্ডার।

    এরপর বেশকিছু সুযোগ পেয়েও প্রথমার্ধে আর জালের দেখা পায়নি লস ব্লাঙ্কোসরা। ১৯তম মিনিটে ডেভিড আলাবার ফ্রি-কিক পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। এছাড়া প্রথমার্ধের শেষ দিকে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়াস।

    বিরতির পর ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ৫৪তম মিনিটে লামেলার গোলে সমতা ফেরে তারা। ডিফেন্ডার গনসালো মনতিয়েলের রক্ষণ চেরা পাস ডি-বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে শট নিয়ে গোল করেন লামেলা। গোলরক্ষক কোর্তোয়ার হাতে বল লাগলেও ধরে রাখতে পারেননি।

    পরের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার দুটি সুযোগ পেয়েও হারায় সিভিয়া। ৭২তম মিনিটে আরও একটি সুযোগ হারান ভিনিসিয়াস। রিয়াল শিবিরে যখন পয়েন্ট হারানোর চোখ রাঙানি, তখনই দারুণভাবে ঘুরে দাঁড়ায় সাদা জার্সির দলটি।

    ৭৭তম মিনিটে মদ্রিচ ও দানি কারভাহালকে তুলে মার্কো আসেনসিও ও ভাসকেসকে নামান আনচেলত্তি। দারুণ কাজে দেয় এই পরিবর্তন। মাঠে নামার ২ মিনিটের মাথায় জালে বল জড়ান ভাসকেজ।

    ২ মিনিট পর নিজেকে প্রমাণ করেন আসেনসিও। তার পাস থেকেই ভালভার্দের গোলটি এসেছে ৮১ তম মিনিটে। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

  • দৈনিক সংক্রমণে শীর্ষে জার্মানি

    দৈনিক সংক্রমণে শীর্ষে জার্মানি

    আন্তর্জাতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। এসময়ে এক হাজার ৬৫০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৭ লাখ ২৫ হাজার ২২২ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ১৩১ জন। একইসময়ে শনাক্ত বেড়েছে এক হাজার ৬৮৩ জন।

    এর আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৫১৯ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হন ৭ লাখ ২৪ হাজার ৩৯ জন। এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪৭ হাজার ৪৭৬ জনে। এছাড়া এ পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ৫৪ কোটি ৭৩ লাখ ২৬ হাজার ৬৬৪ জন।

    শুক্রবার (২৪ জুন) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

    গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। আগের দিন দৈনিক সংক্রমণে জার্মানি আর মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র।

    জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯ হাজার ৩৬০ জন এবং মারা গেছেন ৯৮ জন। দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৮৫ জন শনাক্ত এবং এক লাখ ৪০ হাজার ৫৬০ জন মারা গেছেন।

    করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত আরও ৯৬ হাজার ৭০২ জন এবং মারা গেছেন ২৬৬ জন। দেশটিতে এ পর্যন্ত ৮ কোটি ৮৫ লাখ ৬৬ হাজার ৯৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৪০ হাজার ২৩৬ জন মারা গেছেন।

    আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৬৯ হাজার ২৩১ জন। দেশটিতে এ নিয়ে মোট শনাক্ত তিন কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৭৩৬ জন এবং মারা গেছেন ছয় লাখ ৬৯ হাজার ৯৫৮ জন।

    রাশিয়ায় একদিনে মৃত্যু হয়েছে ৬৮ জনের এবং নতুন সংক্রমিত তিন হাজার ১৬৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৮৪ লাখ ৯ হাজার ৬৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৭১১ জনের।

    ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৮৫২ জন এবং মারা গেছেন ৪০ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি চার লাখ ৩৪ হাজার ৪৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৪৯ হাজার ২৬৮ জন মারা গেছেন।

    যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৮ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ৭৬ জন। দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ২৫ লাখ ৭৬ হাজার ২৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এক লাখ ৭৯ হাজার ৮৬৯ জন মারা গেছেন।

    আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪১৯ জন সংক্রমিত হয়েছে। তবে এ সময়ে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন চার কোটি ৩৩ লাখ ৬৫ হাজার ১৬ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ২৪ হাজার ৯৪১ জন।

    এদিকে, সবশেষ ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩১৯ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৩৫ জনে। আর শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন।

  • দৈনিক সংক্রমণে শীর্ষে জার্মানি, সর্বোচ্চ মৃত্যু দক্ষিণ কোরিয়ায়

    দৈনিক সংক্রমণে শীর্ষে জার্মানি, সর্বোচ্চ মৃত্যু দক্ষিণ কোরিয়ায়

    আন্তর্জাতিক ডেস্ক: শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় সোমবার বিশ্বের দেশসমূহের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে জার্মানিতে এবং কোভিডজনিত অসুস্থতায় এই দিন সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ায়।

    সোমবার বিশ্বজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২১ হাজার ৯২১ জন এবং এ রোগে মারা গেছেন ১ হাজার ৯৮৫ জন। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ৪৮ হাজার ২৩০ জন।

    মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য।

    ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, সোমবার জার্মানিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯২ হাজার ৬৩৯ জন, তবে এদিন দেশটিতে কোভিডজনিত অসুস্থতায় কারো মৃত্যু হয়নি।

    অন্যদিকে, গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সোমবার দেশটিতে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২৫৮ জনের, যা ছিল বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এই দক্ষিণ কোরিয়ায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন।

    জার্মানি ও দক্ষিণ কোরিয়া ব্যতীত  বিশ্বের আরও যেসব দেশে মঙ্গলবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— রাশিয়া (মৃত ২৪৮ জন, নতুন আক্রান্ত ১১ হাজার ৮৫৫ জন), ফ্রান্স (মৃত ১৭৮ জন, নতুন আক্রান্ত ২৫ হাজার ৪৯২ জন), যুক্তরাষ্ট্র (মৃত ১৪৯ জন, নতুন আক্রান্ত ২৩ হাজার ১২৯ জন), ইতালি (মৃত ১১৫ জন, নতুন আক্রান্ত ২৮ হাজার ৩৬৮ জন) থাইল্যান্ড (মৃত ১০৫ জন, নতুন আক্রান্ত ২২ হাজার ৩৮৭ জন), জাপান (নতুন আক্রান্ত ৪৭ হাজার ৮৭৬ জন, মৃত ৩৮ জন) ও অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৪২ হাজার ৭২৬ জন, মৃত ৫ জন)।

    বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৬০৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ৩৯ লাখ ৬৯ হাজার ৬৮৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪৪ হাজার ৯২০ জন।

    ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

    তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

    কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

    ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪৯ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ৪০২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৫ হাজার ৫৫২ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৪ কোটি ৯৪ লাখ ২৫ হাজার ২৪৬ জন।

  • অন্যতম শীর্ষ প্রতারক,২৪ মামলার পলাতক আসামী বগুড়া পুলিশের জালে গ্রেফতার

    অন্যতম শীর্ষ প্রতারক,২৪ মামলার পলাতক আসামী বগুড়া পুলিশের জালে গ্রেফতার

    রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ 

    বগুড়া সদর থানায় সর্বোচ্চ সংখ্যক মামলা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগে ২৪ টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী মোঃ আব্দুর রাজ্জাক কে গ্রেফতার করেছে জেলা পুলিশ বগুড়ার একটি চৌকস দল।

    গ্রেফতারকৃত আসামী আব্দুর রাজ্জাক এর পিতা মৃতঃ জয়নাল আবেদীন, সাংঃ কাওলা থানা ও জেলা -বগুড়া।

    পুলিশ সুপার বগুড়া জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার এর নির্দেশে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফয়সাল মাহমুদ এর দিক নির্দেশনায় সদর থানার ওসি জনাব সেলিম রেজার নেতৃত্বে চৌকস এসআই মোঃ জাকির আল আহসান সহ একটি আভিযানিক দলের অভিযানে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    তাকে গ্রেফতারকারী চৌকস এস আই জাকির আল আহসান দৈনিক প্রত্যয় কে জানান যে, গ্রেফতারকৃত জাতীয় প্রতারক আব্দুর রাজ্জাক বগুড়া, রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকার লোকজনের কাছ থেকে বিভিন্ন পদে সরকারি চাকুরী দেবার নাম করে বিভিন্ন সময়ে কয়েক কোটি টাকার প্রতারণা করে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২৪ টি মামলায় ওয়ারেন্ট জারি হয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তবে পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, সদির সার্কেল জনাব ফয়সাল মাহমুদ ও সদর থানার ওসি সেলিম রেজার সার্বিক দিক নির্দেশনায় তারা এই কুখ্যাত প্রতারক কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

    আরও বিস্তারিত আসছে…

  • বোকো হারামের শীর্ষ নেতা শেকাউ মারা গেছে, দাবি বিরোধীদের

    বোকো হারামের শীর্ষ নেতা শেকাউ মারা গেছে, দাবি বিরোধীদের

    আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের শীর্ষ নেতা আবু বাকার শেকাউ নিজের ওপর বিস্ফোরণ ঘটিয়ে মারা গেছে বলে এক অডিও বার্তায় দাবি করেছে ইসলামিক স্টেট দক্ষিণ আফ্রিকা (আইএসডব্লিইএপি)। খবর : বিবিসি।

    এই দুই জঙ্গি গোষ্ঠীর মাঝে সংঘর্ষের পর শেকাউ নিজের ওপর বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন বলে ওই অডিও বার্তায় দাবি করা হয়।

    তবে বোকো হারাম বা নাইজেরিয়া সরকার, কারো পক্ষ থেকেই এ খবর এখনও নিশ্চিত করা হয়নি।

    এর আগে গত মাসে একই ভাবে তার মৃত্যু এবং তারও আগে তাকে হত্যার খবর ছড়িয়েছিল।

    একটি অডিও বার্তায় আইএসডব্লিইএপি’র নেতা আবু মুসাবকে বলতে শোনা গেছে, ‘আবু বাকার শেকাউ হঠাৎ নিজের ওপর বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়।’ তবে এই অডিও বার্তা কত তারিখের, তা নিশ্চিত হওয়া যায়নি।

    আইএসডব্লিইএপি’র যোদ্ধারা শেকাউকে তাদের সাথে যোগ দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল বলেও ওই বার্তায় দাবি করা হয়।

    এর আগে যখন গত মাসে সংঘর্ষের কারণে আবু বাকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তখন নাইজেরিয়ার সেনাবাহিনী বলেছিল, তারা তদন্ত করবে।

    ২০০৯ সালে বোকো হারামের প্রতিষ্ঠাতা পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর থেকে এই আবু বাকারই সংগঠনটির নেতৃত্ব দিচ্ছিল।

    তার নেতৃত্বে বোকো হারাম প্রকাশ্যে এসে হামলা শুরু করে। এ সময়ে তারা বোমা হামলা, অপহরণ এবং কারাগারে হামলার মতো ঘটনা ঘটাতে থাকে।

    ২০১৪ সাল থেকে তারা বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ‘ইসলামিক স্টেট’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়।

  • মীরসরাই করের হাটের শীর্ষ সন্ত্রাসী ভদ্ধ মানিক অস্ত্র সহ গ্রেফতার

    মীরসরাই করের হাটের শীর্ষ সন্ত্রাসী ভদ্ধ মানিক অস্ত্র সহ গ্রেফতার

    জসিম তালুকদার (চট্টগ্রাম) থেকে :

    চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাটে দেশীয় অস্ত্রসহ অস্ত্র,মাদক ও ডাকাতি মামলার আসামী মো. মানিককে (৪৭) ওরফে ভদ্ধ মানিককে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

    বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের ইসলাম ভবানী তুলাতলি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় অস্ত্র, ডাকাতি, মাদক ও মারামারিসহ ৯টি মামলা রয়েছে।

    জানা গেছে,ভদ্ধ মানিকের অত্যাচারে অতিষ্ঠ করেরহাট এলাকাবাসী।সে ডাকাতি, মাদক ব্যবসা, জায়গা দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

    জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন জানান,শুক্রবার দিবাগত রাতে খবর আসে সন্ত্রাসী মানিক ইসলাম ভবানি তুলাতলি এলাকায় সঙ্গিদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে এস আই শরীফুজ্জামান, জাফর, সুবল সিংহসহ জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করি। তবে অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। মানিক করেরহাট ইউনিয়নের ঘেরামারা ভদ্ধভবানী এলাকার রুস্তম আলীর পুত্র। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ৯টি মামলা রয়েছে।

    এদিকে সন্ত্রাসী মানিক গ্রেফতার হওয়ার খবর ছড়িয়ে পড়লে করেরহাট এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

  • বিদেশি রিভলভার, গুলি ও হেরোইনসহ সিলেটে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

    বিদেশি রিভলভার, গুলি ও হেরোইনসহ সিলেটে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

    শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :
    বিদেশি রিভলভার, ২টি গুলি ও হেরোইনসহ সিলেটে শীর্ষ সন্ত্রাসী জাকিরুল আলম জাকিরকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

    জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে।

    বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর এএসপি ওবাইন ‘সময় কুলাউড়া’কে বলেন, জাকিরের কাছ থেকে বিদেশি রিভলভার, ২টি গুলি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে সোমবার (৩ মে) সকালে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • শীর্ষে থাকা লিভারপুলকে ধরে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড

    শীর্ষে থাকা লিভারপুলকে ধরে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড

    জয় দিয়েই বছর শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে ওলে গানার সুলশারের শিষ্যরা।

    এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলকে ধরে ফেলেছে ম্যানইউ। টানা দুই ম্যাচে ড্র করে পয়েন্ট খুয়ানোয় রেডরা বিপদে পড়েছে। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে ম্যানইউ।

    ম্যাচে অ্যান্থনি মার্শিয়াল প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরান বারট্রান্ড ট্রাউরে। কিন্তু সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। পেনাল্টিতে ব্রুনো ফার্নান্দেসের গোলে ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

    ঘরের মাঠে শুরু থেকেই অ্যাস্টন ভিলাকে চাপে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধের শেষদিকে সেই আক্ষেপ ঘুচান মার্শিয়াল।

    দারুণ ক্রসে বক্সে বল দিয়েছিলেন অ্যারন ওয়ান-বিসাকা। প্রতিপক্ষ ডিফেন্ডারদের কড়া নজরের মধ্যেও চোখ ধাঁধানো হেডে গোল করে দলকে এগিয়ে নেন মার্শিয়াল।

    দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভিলা। একের পর এক আক্রমণ শানাতে থাকে ইউনাইটেডের রক্ষণে। ৫৮ মিনিটে তার ফলও পেয়ে যায় অতিথিরা। জ্যাক গ্রেয়ালিশের নিচু ক্রস থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন ট্রাউরে।

    সেই সমতা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। তিন মিনিট পরই পল পগবাকে ফাউল করার মাশুল দিতে হয় অ্যাস্টন ভিলাকে। পেনাল্টি থেকে ব্যবধান ২-১ করেন ফার্নান্দেস। শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ।

    এতে ১৬ ম্যাচে ১০ জয় আর ৩ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওলে গানারের দল। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই আছে লিভারপুল।